নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথের প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক ও শিক্ষাবিষয়ক সংগঠন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের ২০২৬ সালের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে র্নির্বাচিত হয়েছেন গুলজার খান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মহব্বত শেখ এবং কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মনির আহমেদ। গত ১৮ অক্টোবর রোববার যুক্তরাজ্যে অনুষ্ঠিত এ নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে অধিকাংশ পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়।
নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল এবং মিছবা-মহব্বত-নেছার প্যানেলে মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে গুলজার খান পেয়েছেন ৩৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিছবা উদ্দিন পেয়েছেন ৩৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মহব্বত শেখ ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল কুদ্দুস পেয়েছেন ৩৪৪ ভোট। কোষাধ্যক্ষ পদে মনির আহমেদ ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী নেছার আলী লিলু পেয়েছেন ৩৪৯ ভোট।
নির্বাচনে সহসভাপতি পদে আখলাকুর রহমান ৪৩৫ এবং আজম খান ৪২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বী কবির মিয়া পেয়েছেন ২৯৫ এবং ফরিদ আহমদ ২৯৩ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম রঞ্জু ৪১৬ এবং শরিফুল ইসলাম ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁদের প্রতিদ্বন্দ্বী শাহ নুরুল আলম নাহিন পেয়েছেন ৩১২ এবং সিরাজুল ইসলাম ৩০০ ভোট।
সহকোষাধ্যক্ষ পদে আবুল হোসেন মামুন ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী তোফাজ্জুল আলম পেয়েছেন ২৪৬ ভোট। প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে দৌলত হোসেন ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে খালেদ মাসুদ রনি পেয়েছেন ৩১৯ ভোট। সাংস্কৃতিক সম্পাদক পদে মদরিছ আলী মফজ্জল ৩৯২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুর রব পেয়েছেন ৩১৩ ভোট।
সাত সদস্যের নির্বাহী কমিটির সদস্য পদে সর্বোচ্চ ৪৫১ ভোট পেয়ে প্রথম হয়েছেন আজিজুর রহমান খান রাজু। অন্য নির্বাচিত সদস্যরা হলেন আমিনুর রহমান (৪২৯ ভোট), আব্দুল বাছিত রফি (৩৮৮), শাহ তাজুল ইসলাম (৩৭৮), রুহেল ইসলাম (৩৭৩), মো. কামরুজ্জামান (৩৭০) এবং আজিজুর রহমান রুমেল (৩৫৭)।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করে রুহেল মিয়া ৩৪৫, শামীম নুর ৩৩১, মুহিত মিয়া ২৯৯, গোলজার আহমদ ফয়ছল ২৯৫, আব্দুল হামিদ ২৭৯, শামীম আহমদ ২৭৭ এবং মহিউদ্দিন পলাশ ২৬৬ ভোট পেয়েছেন।
নির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি গুলজার খান বলেন, “ট্রাস্টিরা আবারও আমার ওপর যে আস্থা রেখেছেন, তা আমার জন্য সম্মানের পাশাপাশি বড় দায়িত্বও। বিশ্বনাথের শিক্ষা ও সামাজিক উন্নয়নে ট্রাস্টের ভূমিকা আরও বাড়াতে চাই। সবার সহযোগিতা নিয়ে শিক্ষাবৃত্তির কার্যক্রম সম্প্রসারণ, সংগঠনের ঐক্য বজায় রাখা এবং ট্রাস্টের সম্পদ ও কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মহব্বত শেখ বলেন, “ট্রাস্টিরা তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রাখার চেষ্টা করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নির্বাচন শেষে আমরা সবাই একই সংগঠনের মানুষ। বিশ্বনাথের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
নবনির্বাচিত কোষাধ্যক্ষ মনির আহমেদ বলেন, “ট্রাস্টের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা আমার অন্যতম অগ্রাধিকার হবে। ট্রাস্টিরা যে অর্থ ও আস্থা সংগঠনের হাতে তুলে দেন, তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। আয়-ব্যয়ের হিসাব সুশৃঙ্খল রাখা এবং শিক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করব।”
ভোটগ্রহণের নির্ধারিত সময় শেষে ভোট গণনা করা হয়। পরে যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ১০টায় নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও ইমিগ্রেশন জজ বেলায়েত হোসেন ও নির্বাচন কমিশনার এ কে এম ইয়াহহিয়া। এ সময় অধ্যাপক নুরুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ আব্দুল মতিন ও আবুল কাহার উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার বেলায়েত হোসেন বলেন, “একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণ, গণনা ও ফল ঘোষণা সম্পন্ন করা নির্বাচন কমিশনের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। ট্রাস্টিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাঁদের পছন্দের প্রার্থী নির্বাচন করেছেন। আমরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ফল ঘোষণা করেছি। এখন সবার দায়িত্ব নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা পেছনে রেখে সংগঠনের বৃহত্তর স্বার্থে একসঙ্গে কাজ করা।”
ফল ঘোষণার পর দুই প্যানেলের সমর্থক ও ট্রাস্টিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হয়। উপস্থিত ট্রাস্টিরা বলেন, স্মরণকালের অন্যতম বৃহৎ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব সংগঠনকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। তাঁদের মতে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট যুক্তরাজ্যে বসবাসরত বিশ্বনাথবাসীর ঐক্য ও গৌরবের প্রতীক।
১৯৯৪ সালে প্রতিষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে দীর্ঘদিন ধরে সিলেটের বিশ্বনাথ উপজেলার শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছে। সংগঠনটির বর্তমান ট্রাস্টির সংখ্যা ৮০৮।
ট্রাস্টের শিক্ষা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ট্রাস্টিদের আর্থিক অবদান গুরুত্বপূর্ণ। নতুন কমিটির কাছে তাই শিক্ষাবৃত্তির পরিধি বাড়ানো, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে সংগঠনের সঙ্গে যুক্ত করার প্রত্যাশা রয়েছে।
ট্রাস্টিদের প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়নের মধ্য দিয়ে বিশ্বনাথের শিক্ষা ও সামাজিক উন্নয়নে সংগঠনটির অবদান আরও বিস্তৃত হবে।