15.6 C
Los Angeles
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

লন্ডনে খেলার মাঠে ব্যাট-বল নিয়ে মুখোমুখি ব্যবসায়ী ও সাংবাদিক

রুহুল আমিন সানি : লন্ডনের মাঠে বন্ধুত্বের যুদ্ধের জন্য প্রস্তুত সাংবাদিক ও ব্যবসায়ীরা। সাংবাদিকদের কলম আর ব্যবসায়ীদের আর্থিক হিসেব নিকেশ এক পাশে রেখে এখন তাদের ব্যস্ততা ক্রিকেট মাঠ ঘিরে। ব্যাট-বলের এই লড়াইয়ের জন্য দুই দলই প্রস্তুতি সেরে ফেলেছে আগেই। স্থানীয় মাঠে হয়েছে জোর প্র্যাকটিস। যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির দুই শীর্ষ সংগঠন— ব্রিটিশ বাংলাদেশি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই) এবং লন্ডন বাংলাদেশ প্রেস ক্লাব (এলবিপিসি)—এই দুই সংগঠনের মধ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।

আগামী রোববার ৩ আগস্ট গুডমায়েজ ক্রিকেট মাঠে এই ম্যাচ শুধুই খেলাধুলা নয়, এটি হতে চলেছে একটি মিলনমেলা, একটি স্মরণীয় দিন, যেখানে ক্রিকেট মাঠে দেখা যাবে বন্ধুত্ব, আনন্দ আর ঐক্যের অনন্য এক রূপ।
কমিউনিটির দুই সংগঠনের এই প্রীতি ক্রিকেট ম্যাচ উপলক্ষে পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ম্যাচ আয়োজনের বিস্তারিত জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিবিসিসিআই’র প্রেসিডেন্ট রফিক হায়দার, সাবেক প্রেসিডেন্ট ও দলের অধিনায়ক বশির আহমেদ, ডিরেক্টর জেনারেল দেওয়ান মাহদী, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, জেনারেল সেক্রেটারি তোফাজ্জল আলম, প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাসির মাহমুদ ও ইভেন্টস সেক্রেটারী রুপি আমিন।

বিবিসিসিআই দলের অধিনায়ক বশির আহমেদ বলেন, এই খেলায় হার-জিত থাকবেই, তবে অংশগ্রহণটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রবাসে আমাদের কমিউনিটির সংগঠনগুলোর মাঝে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন গড়ে তুলতে এই আয়োজন বড় ভূমিকা রাখবে।

বিবিসিসিআই প্রেসিডেন্ট রফিক হায়দার বলেন: খেলাধুলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কমিউনিটিতে যেন নতুন প্রজন্ম এই ঐতিহ্য ধারণ করতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।

লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ বলেন, পেশাগত ব্যস্ততার বাইরে কমিউনিটির মানুষদের একত্রিত করার এই আয়োজন নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে। এমন আয়োজন আরও হোক, সেটাই প্রত্যাশা।

প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের বলেন, মাঠে এবার সাংবাদিক ও ব্যবসায়ীরা খেলোয়াড় হিসেবে থাকবেন। এতে যেমন ভিন্ন অভিজ্ঞতা হবে, তেমনি আরও ঘনিষ্ঠ হবে কমিউনিটির সেতুবন্ধন।

সাধারণ সম্পাদক তাসির মাহমুদ বলেন, খেলাধুলা আমাদের সমাজে বন্ধুত্ব, সম্মান এবং ঐক্যের বার্তা দেয়। প্রবাসে থেকেও আমরা সেই বার্তা আরও উচ্চকণ্ঠে ছড়িয়ে দিতে চাই।

আমরা চাই, সবাই পরিবার-পরিজন নিয়ে মাঠে আসুন, প্রীতি ম্যাচ উপভোগ করুন। খেলাধুলার মাধ্যমে আমরা যেন সম্পর্ক আরও দৃঢ় করতে পারি – বলেন বিবিসিসিআই এর লন্ডন রিজিয়নের সেক্রেটারী জেনারেল তোফাজ্জল আলম।

প্রেস ব্রিফিং শেষে দুই দলের প্রতিনিধিরা প্রতীকীভাবে খেলোয়াড়দের জন্য জার্সি বিনিময় করেন। আয়োজকরা জানান, এটি কেবল প্রতীকী নয়- দুই সংগঠনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার প্রতিচ্ছবি।

ম্যাচটি সকল দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজকরা আশা করছেন, প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এই আয়োজন এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেবে।

[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত