বাংলাদেশের জন্য আরও এক গর্বের মুহূর্ত—যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার আবিদা ইসলাম লন্ডনে ‘উইমেন ইন ডিপ্লোমেসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। নারী কূটনীতিকদের পেশাগত উৎকর্ষ, নেতৃত্ব এবং সামগ্রিক অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনে মেক্সিকো দূতাবাসে আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাজ্যে নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত ও ‘উইমেন ইন ডিপ্লোমেসি নেটওয়ার্ক’-এর বর্তমান প্রেসিডেন্ট জোসেফা গনজালেস ব্লাঙ্কো অরতিজ মেনা।
বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসে কর্মরত প্রভাবশালী নারী কূটনীতিকদের সংগঠন ‘উইমেন ইন ডিপ্লোমেসি সেক্রেটারিয়েট’-এর পক্ষ থেকে এই স্বীকৃতি প্রদান করা হয়।
আবিদা ইসলাম পুরস্কার পেয়েছেন ‘চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি’ ক্যাটাগরিতে। নারী অধিকার ও লিঙ্গ সমতায় তার নিরবচ্ছিন্ন অঙ্গীকার, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে সচেতনতা সৃষ্টি ও কূটনৈতিক অঙ্গনে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতে তার দৃঢ় অবস্থান এ সম্মাননায় প্রতিফলিত হয়েছে।
দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে এবং বর্তমান লন্ডন মিশনে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি নারী অধিকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের নানা দেশের প্রায় ৫০ জন নারী কূটনীতিক, যারা কূটনৈতিক অঙ্গনে নারীদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে ‘উইমেন ইন ডিপ্লোমেসি নেটওয়ার্ক’-এর মাধ্যমে একসঙ্গে কাজ করে যাচ্ছেন।
আবিদা ইসলাম ১৯৯৫ সালের নভেম্বরে ১৫তম বিসিএস ব্যাচ থেকে বাংলাদেশ পররাষ্ট্র সেবায় যোগ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দায়িত্ব পালন শেষে তিনি দেশের কূটনীতিক পরিমণ্ডলে একজন অভিজ্ঞ ও সফল নারী প্রতিনিধি হিসেবে নিজের জায়গা তৈরি করেছেন।
এই সম্মাননা শুধু একজন ব্যক্তির অর্জন নয়, এটি বাংলাদেশের কূটনৈতিক পরিমণ্ডলে নারীর অগ্রযাত্রার এক অনন্য স্বীকৃতি।
এমজে/ইউকেবিডিনিউজ
