ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘ইউকে বাংলা প্রেস ক্লাব’-এর ২০২৫–২০২৭ মেয়াদের জন্য দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল আই ইউরোপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও চ্যানেল ইউরোপের নির্বাহী সম্পাদক রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়াইব। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন ও একাত্তর টেলিভিশনের যুক্তরাজ্য প্রতিনিধি আরিফ আল মাহফুজ এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ডেইলি ড্যাজলিং ডন এর মাহবুবুল করিম সুয়েদ।
গত ২৯ জুলাই মঙ্গলবার লন্ডনের স্থানীয় একটি ভেন্যুতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কে এম আবু তাহের চৌধুরী।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি মুনজের আহমেদ (বাংলা ট্রিবিউন), সহ সভাপতি আবদুর রশিদ (এনটিভি ইউরোপ), হুমায়ুন কবির (চ্যানেল আই), ফখরুল ইসলাম খসরু (মনুবার্তা); যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (প্রথম আলো), তানভীর হাসান (টিএন টিভি); সাংগঠনিক সম্পাদক এস এম শামসুর রহমান সুমেল (চ্যানেল ইউরোপ); দপ্তর ও প্রচার সম্পাদক মুসলিম খান (সবুজ বাংলা); সমাজসেবা সম্পাদক আসআদুল হক (এমএস টিভি); নারী সম্পাদিকা সৈয়দা ইশরাত নাসিমা কুইন (ফ্রিল্যান্সার)। এছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন: আসাদুজ্জামান তানভীর (ফ্রিল্যান্সার), মোহাম্মদ আলী (মৌলভীবাজার টুডে), মোশাহিদ আলী (বাংলা সংলাপ), মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা (ফ্রিল্যান্সার), আবদুল বাসিত (ফ্রিল্যান্সার), আজিজুল আম্বিয়া (ভোরের কাগজ), শাহেদ শফিক (একুশে টিভি), মোস্তফা চৌধুরী, আশফাক জুনেদ (দেশ রূপান্তর), তানভীর আনজুম আরিফ (এনটিভি)।
নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়াইব বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক। প্রবাসে থেকেও আমরা বাংলাদেশি গণমাধ্যমকর্মীরা দেশ ও কমিউনিটির স্বার্থে সব সময় কাজ করে যাচ্ছি। সাংবাদিকতার পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখেই ইউকে বাংলা প্রেস ক্লাব আগামী দিনে আরও বেশি কার্যকর ভূমিকা রাখবে। আমরা চাই, সাংবাদিকরা দেশ, কমিউনিটি ও মানবতার পক্ষে দাঁড়িয়ে সত্য প্রকাশে নির্ভীক থাকুক।
তিনি আরও বলেন, ইউকে বাংলা প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসী সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষার একটি প্ল্যাটফর্ম। ক্লাবের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং কমিউনিটির কল্যাণে ক্লাব ভবিষ্যতেও গঠনমূলক কর্মসূচি গ্রহণ করবে।
