14.1 C
Los Angeles
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে সিলেটে নির্মিত হচ্ছে বিশ্বমানের “এনআরবি হাসপাতাল”


রুহুল আমিন সানি :
প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে সিলেটে নির্মিত হচ্ছে বিশ্বমানের “এনআরবি হাসপাতাল”। এই হাসপাতালের দ্বিতীয় ধাপের তহবিল সংগ্রহের অনুষ্ঠান লন্ডনের রমফোর্ডে দ্য সিটি প্যাভেলিয়ান–এ আগামী ২৮ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। অলাভজনক এই প্রকল্পের মূল লক্ষ্য – প্রান্তিক ও গ্রামীণ জনগণের জন্য আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। হাসপাতালটি হবে আধুনিক প্রযুক্তি – সমৃদ্ধ, যেখানে সুলভে চিকিৎসা পাওয়া যাবে সকলের জন্য।

এনআরবি হাসপাতালের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান বলেন, ‘আমরা শুধু একটি হাসপাতাল গড়ছি না, আমরা গড়ছি ভবিষ্যৎ ও স্বপ্ন। এই হাসপাতাল হবে স্বাস্থ্য, আশা ও মানবতার ভিত্তি।’

তহবিল সংগ্রহের এই সন্ধ্যায় যোগ দেবেন চিকিৎসক, আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ বিভিন্ন ক্ষেত্রের প্রবাসী গুণীজন। অনেকে ইতিমধ্যেই দান করেছেন, যার ফলে হাসপাতালের মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। পাশাপাশি, তাঁরা পেশাগত পরামর্শ, নেটওয়ার্কিং ও নেতৃত্ব দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছেন।

অংশগ্রহণকারীরা ‘প্রতিষ্ঠাতা সদস্য’ – £১,০০০ থেকে ‌’পৃষ্ঠপোষক’ £৫০,০০০ পর্যন্ত বিভিন্ন স্তরে দান করতে পারবেন। এককালীন বা ১-৫ বছরের কিস্তিতে দানের সুযোগ রয়েছে। প্রতিটি স্তরের সঙ্গে থাকবে আজীবন স্বাস্থ্যসেবা, সম্মাননা এবং পরিবারের জন্য বিশেষ সুবিধা।

হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে ২৫০ ইনপেশেন্ট বেড, ৫০ আইসিইউ বেড, ১২ অপারেশন থিয়েটার, আধুনিক টেলিমেডিসিন ও ডায়াগনস্টিক সুবিধা, এবং একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট।

প্রথম ধাপে উমরপুর ও আশারকান্দি ইউনিয়নের প্রবাসীরা মিলে ১৫০ – এর বেশি দাতা সদস্য £২.৫ মিলিয়ন পাউন্ডের প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে সিলেটে ৫ একর জমি কেনা হয়েছে এবং আর্কিটেকচারাল ও ইঞ্জিনিয়ারিং পরিকল্পনার কাজ শুরু হয়েছে।

[news_feed_link]
- Advertisement -spot_img
[recent_tabs]

পাঠকের আগ্রহ

সম্পর্কিত