
নিজস্ব প্রতিবেদক : দ্যা সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটরস এবং ব্রিটিশ বাংলাদেশি প্র্যাকটিসিং ব্যারিস্টারস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে গত ১৫ আগস্ট ২০২৫ পূর্ব লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টারে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল বিষয় ছিল গালফ কো-অপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোতে যুক্তরাজ্যের আইনজীবীদের পেশাগত সুযোগ। এতে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের আইন ক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
সেমিনারের প্রধান বক্তা ছিলেন হ্যালকন সিস্টেমসের সিনিয়র লিগ্যাল কাউন্সেল ব্যারিস্টার ড. ওমর আবাশেইখ। সেমিনারের সভাপতিত্ব করেন এসবিবিএস এর সভাপতি মোহাম্মদ নুরুল গাফফার।
বক্তব্যে ড. আবাশেইখ বলেন, প্রায় পাঁচ কোটিরও বেশি জনসংখ্যা নিয়ে গঠিত এসব উন্নত দেশে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য রয়েছে বিস্তৃত কর্মক্ষেত্র। তিনি উল্লেখ করেন, আর্থিক সেবা, চুক্তি, ক্রয়-বিক্রয়, রিয়েল এস্টেট মামলা, বৈদেশিক বিনিয়োগ বিরোধ, কোম্পানি ও ব্যবসা পরিকল্পনা, কর, নিয়ন্ত্রক ব্যবস্থা, পেশাগত শৃঙ্খলা, কর্মসংস্থান, শিক্ষা, গণমাধ্যম এবং অবহেলা সংক্রান্ত মামলায় আইনগত সেবার যথেষ্ট প্রয়োজন রয়েছে। তার মতে, এসব ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবীরা উচ্চমানসম্পন্ন সেবা প্রদান করতে সক্ষম হলে তাদের জন্য বিপুল সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, প্রতিযোগিতা থাকলেও এখনো গালফ অঞ্চলে মানসম্পন্ন পেশাগত সেবার ঘাটতি রয়েছে। তাই শুরুতে দুবাই আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র এবং আবুধাবি গ্লোবাল মার্কেটের মাধ্যমে কাজ শুরু করে স্থানীয় বিচারপ্রক্রিয়ার সঙ্গে পরিচিত হওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে সেবা প্রচার ও সুনাম গড়ে তোলার মাধ্যমেই আস্থা অর্জন সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন।
সেমিনারে ব্যারিস্টার ইসলাম খান প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং সম্প্রতি প্রয়াত ব্যারিস্টার ওমর ফারুক, সলিসিটর আশফাক আহমেদ ও আব্দুল রকিবকে স্মরণ করেন। তিনি আহ্বান জানান, যুক্তরাজ্যের বাংলাদেশি গণমাধ্যম যেন আইনজীবীদের কাজ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে, যাতে দক্ষতা ও মানসম্পন্ন সেবা আরও প্রসারিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন সোসাইটির মহাসচিব সলিসিটর মুনশাত চৌধুরী। তিনি অতিথিদের স্বাগত জানান এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
