বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে সাইমুর মুজিব রহমান বিএ অনার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। অনার্সে ৬৭% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি তিনি প্রফেসর স্টিফেন টাকারের তত্ত্বাবধানে বিএ প্রজেক্ট ও বিএ গ্রুপ প্রজেক্টের জন্য অক্সফোর্ড থেকে দুটি স্বতন্ত্র পুরস্কার অর্জন করেছেন—যা তাঁর এই অসামান্য সাফল্যকে আরও গৌরবময় করে তুলেছে।
গত ২৫ সেপ্টেম্বর ২০২৬, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ মধ্যযুগীয় ঐতিহ্য অনুসারে ডিগ্রি প্রদান অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী ডিগ্রি সেরেমনি -এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রো-ভাইস চ্যান্সেলরের বক্তব্য ইংরেজিতে হলেও পরবর্তী আনুষ্ঠানিক ডিগ্রি প্রদান পর্বটি প্রাচীন একাডেমিক ঐতিহ্য অনুসারে ল্যাটিন ভাষায় পরিচালিত হয়। গ্রাজুয়ান্ডদের পরিচয়, যোগ্যতা উপস্থাপন এবং ডিগ্রি প্রদানের আনুষ্ঠানিকতায় ল্যাটিনের ব্যবহার অক্সফোর্ডের মধ্যযুগ থেকে চলে আসা ঐতিহ্যের প্রতিফলন। আধুনিক বিশ্বের অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয় হয়েও অক্সফোর্ড আজও এই ঐতিহাসিক ভাষা ও আনুষ্ঠানিক রীতিকে সযত্নে ধরে রেখেছে।
ইতোমধ্যেই লন্ডনে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান Jefferies Financial Group Inc.-এ তাঁর পেশাগত কর্মজীবন শুরু করেছেন সাইমুর। অক্সফোর্ডে পড়াকালীন সময়ে তিনি একাধিক প্রফেশনাল ইন্টার্নশিপের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন—যার মধ্যে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্টার্লিং টেক কোম্পানি ও জেফ্রিজ -এ একযোগে ডেটা সায়েন্স ও ইনফরমেশন সিকিউরিটি বিভাগে কাজ অন্যতম।
সাইমুর লন্ডনের স্বনামধন্য ‘লন্ডন একাডেমি অব এক্সসেলেন্স’ থেকে পদার্থবিজ্ঞান, গণিত, উচ্চতর গণিত এবং রসায়নে এ ষ্টার অর্জন করে এ লেভেল সম্পন্ন করেন। এ লেভেলে ইপিকিউ -তে তাঁর টপিক ছিল “টু হোয়াট এক্সটেন্ট ক্যান কোয়ান্টাম কম্পিউটিং এফেক্ট দি ওয়ার্ল্ড, ইকোনোমিক্যালি, এনভারমেন্টালি এন্ড সোস্যালি” যেখানেও তিনি এ ষ্টার পান।
সাইমুরের ছোট ভাই রাফি মুজিব রহমান এ লেভেলে সফলতার পাশাপাশি সম্প্রতি বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বৈশ্বিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস প্রতিষ্ঠান গোল্ডম্যান সাকস-এ এপ্লাইড ফিন্যান্স বিষয়ে আন্ডারগ্রাজুয়েট শিক্ষালাভের জন্য অ্যাপ্রেন্টিসশিপের সুযোগ পেয়েছেন।
সাইমুরের বাবা বিলেতের কমিউনিটির পরিচিত মুখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান—যিনি যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করে, কলেজে শিক্ষকতার পাশাপাশি বাথ ইউনিভার্সিটি ও নটিংহাম ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছেন।
সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ’ (ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি – এনএসডিএ)-এর সদস্য (গ্রেড-২) পদে নিয়োগ লাভ করেছেন। সাইমুরের মাতা সাবিনা ইয়াসমীন বখত রসায়নে গ্রাজুয়েট সম্পন্ন করে ইউকে সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেছেন ।
উল্লেখ্য, গত বছর সাইমুর বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর বিবাহ অনুষ্ঠানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ডা. জোবায়দা রহমান, উপস্থিত হয়ে নবদম্পতিকে আশীর্বাদ করেন। তাঁর সহধর্মিণী বিশ্বের অন্যতম খ্যাতনামা বিশ্ববিদ্যালয় কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে গণিতে অনার্স ডিগ্রি অর্জনের পর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিজিসিই সম্পন্ন করে বর্তমানে লন্ডন একাডেমি অব এক্সেলেন্সে (এলএই) গণিতে শিক্ষকতা শুরু করেছেন।
সাইমুরের বাবা ও পরিবারের সদস্যরা এই অর্জনের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি সকলের কাছে দোয়া কামনা করেছেন।