শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

লন্ডনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” এর বর্ণাঢ্য উদ্বোধন

avir80
avir80 প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৬:২২
লন্ডনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫” এর বর্ণাঢ্য উদ্বোধন

লন্ডন প্রতিনিধি :প্রয়াত ক্রীড়া সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্মৃতিকে প্রবাসে বাঁচিয়ে রাখতে লন্ডনে শুরু হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫”। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় পূর্ব লন্ডনের নিউভ‍্যারী পার্কে এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনীতে প্রবাসী ক্রীড়াপ্রেমী ও ক্রিকেট অনুরাগীদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপ সমন্বয়ক কামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক এবং ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

উদ্বোধনী বক্তৃতায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, “কোকো ভাই ক্রীড়াঙ্গনের উন্নয়নে যেমন অবদান রেখেছেন, তেমনি সমাজসেবায়ও ছিলেন সমান আন্তরিক। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সংগঠিত করা ছিল তাঁর অন্যতম লক্ষ্য।”

অনুষ্ঠানে বক্তারা কোকোর ক্রীড়া সংগঠক হিসেবে অবদান এবং মানবসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তারা বলেন, প্রবাসে খেলাধুলার সংস্কৃতি ধরে রাখতে এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের দিকে আকৃষ্ট করতে এই ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টুর্নামেন্টের সুষ্ঠু আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন ট্রাস্টের শরফরাজ আহেমদ শরফু, আবু নাসের শেখ, ফারুক হোসাইন, শেখ সাদেক, তুহিন মোল্লা ও শফিউল আলম মুরাদ প্রমুখ।

দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে ছিল পতাকা উত্তোলন, দলগুলোর পরিচিতি ও প্রথম ম্যাচের সূচনা। আয়োজকদের আশা, আগামী দিনগুলোতে এই টুর্নামেন্ট প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রীড়া আয়োজনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।