উইম্বলডনে যেন কোনোভাবেই ভালো কিছু হয় না আলেক্সান্দার জভেরেভের। অন্য তিন গ্র্যান্ড স্লামে একবার করে রানারআপ হলেও, ঘাসের কোর্টের এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে ২৮ বছর বয়সী এই জার্মান তারকা কখনোই চতুর্থ রাউন্ডের গণ্ডি পার হতে পারেননি।
এবার কী লক্ষ্য নিয়ে লন্ডনে পা রেখেছিলেন, তা তিনিই ভালো জানেন। তবে আজকের দিনটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবেন তিনি। প্রথম রাউন্ডেই যে থেমে গেল তার যাত্রা। ফ্রান্সের আর্থার রিন্দারনেখের কাছে প্রায় পাঁচ ঘণ্টার ম্যারাথন লড়াইয়ে হেরে বিদায় নিতে হলো জভেরেভকে।
অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে ৪ ঘণ্টা ৪০ মিনিটের রুদ্ধশ্বাস ম্যাচে জার্মান তারকাকে ৭–৬ (৭/৩), ৬–৭ (৮/১০), ৬–৩, ৬–৭ (৫/৭), ৬–৪ গেমে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের ৭২ নম্বরে থাকা রিন্দারনেখ। ২০১৯ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম থেকে প্রথম রাউন্ডেই ছিটকে পড়লেন জভেরেভ।
পুরুষ এককে অবশ্য অঘটনের কোনো সুযোগই দেননি শীর্ষ বাছাই ইয়ানিক সিনার। ইতালির এই উদীয়মান তারকা মাত্র ১ ঘণ্টা ৪৮ মিনিটে স্বদেশি লুকা নার্দিকে ৬-৪, ৬-৩, ৬-০ গেমে হারিয়ে অনায়াসেই পৌঁছে গেছেন দ্বিতীয় রাউন্ডে।
অন্যদিকে, মেয়েদের এককে চমক তৈরি করেছেন ইতালির এলিসাবেতা কোচ্চারেত্তো। তৃতীয় বাছাই ও ইউএস ওপেন ২০২৪-এর রানারআপ মার্কিন তারকা জেসিকা পেগুলাকে ৬-২, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন তিনি। বিশ্বের ১১৬ নম্বরে থাকা কোচ্চারেত্তোর কাছে এই হারের ধাক্কা সামলাতে সময় লাগবে পেগুলার।
এর আগে কালই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন আরেক বড় নাম—রুশ তারকা দানিল মেদভেদেভ। উইম্বলডন শুরু থেকেই যেন চমকেই ভরপুর!