শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

ফজলুর রহমানের সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন শিবির নেতা

avir80
avir80 প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৭:২৪
ফজলুর রহমানের সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন শিবির নেতা
জুলাই অভ্যুত্থানের শক্তিকে ‘কালো শক্তি ও রাজাকারের বাচ্চা’ বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন, সেটি ‘দলীয় প্রশ্রয়ে’- এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সেক্রেটারি মহিউদ্দিন খান।
রোববার (২৪ আগস্ট) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে ছাত্রশিবিরের এই নেতা লেখেন, ‘দায়মুক্তির কালচার থেকে বের হয়ে আসতে না পারলে ক্ষমতার আশপাশে থাকা ব্যক্তিরা ভয়ঙ্কর হয়ে উঠবে। জুলাই অভ্যুত্থানের নেপথ্যে কালো শক্তির যে বয়ান ফজলু দাঁড় করাচ্ছেন গত এক বছর ধরে সেটা সরাসরি আওয়ামী বয়ান।’
তিনি লেখেন, ‘বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা যখন কোনো কথা বলেন সেটা তার ব্যক্তিগত বক্তব্য বলে দায়মুক্তি দেওয়ার সুযোগ নেই। জুলাই অভ্যুত্থানের সফলতার পেছনে আছে হাজারো শহীদ, আহত আর সংগ্রামী মানুষেরা। সবার শাহাদত এবং ত্যাগকে ‘কালো শক্তি’ বলার দুঃসাহস এমন গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে যদি কেউ করে তাহলে আমাদের ধরে নিতে হবে সে দলীয় প্রশ্রয়েই এমন স্পর্ধা দেখিয়েছেন।’
ছাত্রশিবিরের এই নেতা আরও লেখেন, ‘এটা যদি বিএনপির অফিশিয়াল বক্তব্য না হয়, তাহলে ফজলুকে দায়মুক্তি না দিয়ে বহিষ্কার করবে বলে আমরা আশা রাখি।’