গাইবান্ধা-কুড়িগ্রাম সংযোগ সড়কে মওলানা ভাসানী সেতুর কাছে মোটরসাইকেলের ধাক্কায় খোদেজা বেগম (৭৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। সেতু চালুর পর এটিই প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোদেজা বেগম ওই এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল খোদেজা বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেল ধাক্কা দিলে একজন বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যান।
তবে উদ্বোধনের পরদিনই সেতু অন্ধকারে ডুবে যায়। লাইটের তার কেটে নেওয়ায় ল্যাম্পপোস্টগুলো অচল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অন্ধকার সেতুর ছবি। এরপর থেকেই দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে আসছিলেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। অবশেষে আশঙ্কাই সত্যি হলো। সেতু সংযোগ সড়কে প্রাণ গেল এক বৃদ্ধার।
