লন্ডন প্রতিনিধি: মঙ্গলবার বিকেলে লন্ডনের সেভেন কিংস পার্ক যেন এক টুকরো বাংলাদেশ জমে উঠেছিল ব্যাট-বলের লড়াইয়ে। এদিন অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল।
বাংলাদেশের বিভাগের নামে ৮টি দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতা জমজমাট লড়াই শেষে পৌঁছে ফাইনালে। সেখানে ময়মনসিংহ গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয় কুমিল্লা ওয়ারিয়র্স। খেলার মাঠে উচ্ছ্বাস আর দর্শকদের করতালিতে প্রতিধ্বনিত হয় কুমিল্লার জয়গান।
আয়োজকরা জানান, প্রয়াত আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠকই ছিলেন না, বরং বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে এগিয়ে নিতে ছিলেন অন্যতম চালিকাশক্তি। কিন্তু ফখরুদ্দিন-মঈনউদ্দিন সরকার ও বর্তমান স্বৈরাচারী হাসিনা সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়ে অকালে তার জীবনাবসান ঘটে। কোকোর স্মৃতি ধরে রাখতেই গত এক দশক ধরে লন্ডনে এই আয়োজন হয়ে আসছে।

ম্যাচের দিন গ্যালারিতে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ চৌধুরী, যুগ্ম সম্পাদক খসরুজ্জামান খসরু, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও আয়োজকদের মধ্যে শরফরাজ আহেমদ শরফুর, ফারুক হোসাইন, ফজলে রহমান পিনাক, আরিফুল ইসলাম উজ্জ্বল, শেখ সাদেক, তুহিন মোল্লা, ডালিয়া বিনতে লাকুরিয়া, জাহাঙ্গীর আলম শিমু, আব্দুস সামাদ রাজ, ফাহিদুল আলম ফরহাদ, শফিউল আলম মুরাদ, কামরুজ্জামান চৌধুরী, কাজল জালানী, ফয়সাল আহমেদ, দিপু আহমেদ, রানা তালুদার, মাসুদুল আলম, কাজী ফয়সাল, আতিক আহমেদসহ আরও অনেকে ছিলেন সক্রিয়ভাবে যুক্ত।
