ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে সরব ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তবে শেষ দিনেও নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটিতে পদ বণ্টন নিয়ে বিভক্তির গুঞ্জন শোনা যাচ্ছে। ফলে অধিকাংশ নেতাকর্মীকে স্বতন্ত্রভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করতে দেখা গেছে।
সোমবার (১৮ আগস্ট) দুপুরের পর থেকে ছাত্রদলের একাধিক শীর্ষ নেতাকে আলাদাভাবে মনোনয়ন ফরম নিতে দেখা যায়। দুপুর ৩টার দিকে বিএম কাউসার ও আবিদুল ইসলাম খানের নেতৃত্বে ছাত্রদলের একাংশ মনোনয়ন সংগ্রহ করে।
অন্যদিকে, বিকেল সাড়ে ৩টার দিকে ফরম নেন তানভীর বারী হামীম। তিনি জানান, আমাদের প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। আজ রাতের মধ্যেই তারেক রহমান পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন। তার আগে সবাই নিজ উদ্যোগে মনোনয়ন ফরম নিচ্ছেন।
ভিপি পদে ছাত্রদলের আবিদুল ইসলাম খান, মোমিনুল ইসলাম জিসান, জিএস পদে আবিদুল ইসলাম মিশু, জারিফ রহমান, তানভীর বারী হামীম, এজিএস পদে তানভীর আল হাদী মায়েদ, আল রজিব রহমান, জারিফ রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ওবায়দুল্লাহ রেদওয়ান মনোনয়ন ফরম নিয়েছেন।
