রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালীতে ওসিকে হুমকি, বিএনপি নেতার সব পদ স্থগিত

avir80
avir80 প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:২৫
মহেশখালীতে ওসিকে হুমকি, বিএনপি নেতার সব পদ স্থগিত

কক্সবাজারের মহেশখালী থানার ওসি মনজুরুল হককে প্রকাশ্যে হুমকি দিয়েছেন মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে পৌরসভার দীঘির পাড়ে আয়োজিত এক স্মরণসভায় তিনি বলেন, ‘ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে।’

 

এ সময় আকতার হোসেন দাবি করেন, ‘থানার ওসির চেম্বার এখন এক ধরনের দোকানে পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। যে টাকা বেশি দেবে মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।’

গত ২০ মে মহেশখালী থানায় যোগ দেন ওসি মনজুরুল হক। অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এসব সত্য নয়। তারপরও তারা কী কারণে বলছেন, তারা ভালো বলতে পারবেন।’

বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়।

এদিকে, মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে স্থগিত করা হয়েছে।

erer