শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

রাতের আঁধারে নির্বাচন ও এআই হুমকি নিয়ে যা বললেন সিইসি

avir80
avir80 প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৬:১৩
রাতের আঁধারে নির্বাচন ও এআই হুমকি নিয়ে যা বললেন সিইসি

নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই’র অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।বলেছেন, আমরা রাতের আঁধারে কিছু করতে চাই না, দিনের আলোতেই সব কার্যক্রম হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই।

শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এআই হুমকি নিয়ে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। এই আধুনিক হুমকি অস্ত্রের চেয়েও ভয়াবহ। নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো প্রযুক্তিনির্ভর হস্তক্ষেপ রোধে আমরা সতর্ক আছি।

সেই সঙ্গে, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলবে বলেও জানান তিনি।

এ সময় নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, এটি দেশের আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত। এ বিষয়ে এখনো কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনাই বর্তমানে কমিশনের বড় চ্যালেঞ্জ। জনগণকে ভোটকেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এমজে/ইউকেবিডিনিউজ