নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তির কারণে বৃহত্তর চট্টগ্রাম ও কক্সবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বিশেষ করে বিজনেস সামিটে নতুন বিনিয়োগ আসছে। প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামকে বেছে নিতে পারেন।
লন্ডন সফররত আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আক্কাস উদ্দিনের সাথে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের লন্ডন রিজিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ কথা উঠে আসে।
লন্ডন-বাংলাদেশ বিজনেস নেটওয়ার্কিং-এর অংশ হিসেবে বিবিসিসিআই এর লন্ডন রিজিয়ন কর্তৃক প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিবিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, সেক্রেটারি জেনারেল তোফাজ্জল আলম, সংগঠনের সাবেক প্রেসিডেন্ট বশির আহমেদ বিইএম, আনোয়ার খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিবিসিসিআই এর নেতৃবৃন্দ বলেন, বিনিয়োগ নিরাপত্তা পেলে ব্রিটিশ বাংলাদেশী ব্যবসায়ীরা পর্যটন শিল্প বিকাশে বিনিয়োগে আগ্রহী। এর জন্য দেশে সার্বিক বিনিয়োগ নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তা রয়েছে। আমরা আশা করছি এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
লন্ডন সফররত ব্যবসায়ী আক্কাস উদ্দিন বলেন, চট্টগ্রামসহ সারাদেশে বিদেশী বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিবিসিসিআই এর মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। যা উভয় দেশের সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
