শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

সুদানে স্বর্ণখনি ধসে ১১ শ্রমিক নিহত

avir80
avir80 প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৬:৫৭
সুদানে স্বর্ণখনি ধসে ১১ শ্রমিক নিহত

সুদানের স্বর্ণের খনির আংশিক ধসে অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। পাশাপাশি আরও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় খনি কোম্পানি। খবর আল-জাজিরার।

 

রোববার (২৯ জুন) এক বিবৃতিতে সুদানিজ মিনারেল রিসোর্সেস কোম্পানি (এসএমআরসি) জানায়, সুদানের উত্তর-পূর্ব লোহিত সাগর রাজ্যের এসএএফ-নিয়ন্ত্রিত শহর আতবারা এবং হাইয়ার মধ্যে অবস্থিত হাওয়েদের প্রত্যন্ত মরুভূমি অঞ্চলে কির্শ আল-ফিল খনির একটি কারিগরি খাদে ধসের ঘটনাটি ঘটেছে।

এসএমআরসি জানায়, দুর্ঘটনায় আরও সাতজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, তারা এর আগে ওই খনির কার্যক্রম স্থগিত করেছিল এবং ‘জীবনের জন্য বড় ধরনের ঝুঁকি’র কারণে এর কার্যক্রম অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিল।

সরকারি এবং বিভিন্ন এনজিও সূত্রের তথ্য অনুযায়ী, প্রায় পুরো সোনার বাণিজ্য সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে পরিচালিত হয়। দেশটির বিরুদ্ধে আরএসএফকে অস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাত তা অস্বীকার করে আসছে।

দীর্ঘদিনের যুদ্ধের কারণে সুদানের অর্থনীতি ভেঙে পড়েছে। তবে দেশটির সেনা-সমর্থিত সরকার ২০২৪ সালে রেকর্ড ৬৪ টন স্বর্ণ উৎপাদনের ঘোষণা দিয়েছে।