৪৭৭ ড্রোন ও ৬০টি মিসাইল দিয়ে রোববার (২৯ জুন) মধ্যরাতে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। যারমধ্যে এক শিশুও রয়েছে।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্সে এক পোস্টে জানিয়েছেন, যেখানেই জীবনের চিহ্ন আছে সেখানেই হামলা চালিয়েছে রাশিয়া। তিনি বলেছেন, তিন বছর ধরে চলা এ যুদ্ধ শেষ হওয়ার যে আশা তৈরি হয়েছিল, এ হামলার মাধ্যমে সেটি শেষ হয়ে গেছে।
যতক্ষণ পর্যন্ত রাশিয়ার হামলার সক্ষমতা থাকবে ততক্ষণ তারা হামলা চালাতে থাকবে বলে মন্তব্য করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, “বিশ্ববাসী শান্তির আহ্বান জানালেও, পুতিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। এই যুদ্ধ থামাতে হবে। আগ্রাসনকারীদের ওপর চাপ প্রয়োগ অত্যাবশ্যক। সঙ্গে নিরাপত্তাও প্রয়োজন। নিরাপত্তা প্রয়োজন ব্যালিস্টিক ও অন্যান্য মিসাইল, ড্রোন এবং সন্ত্রাস থেকে। ইউক্রেনকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে হবে। এটিই জীবন সবচেয়ে বেশি রক্ষা করে। আমাদের মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। যা আমরা কিনতে প্রস্তুত।”
