|
বুধবার, 22 ফেব্রুয়ারী 2012 11:58 |
|
পটুয়াখালী প্রতিনিধি :: জনপ্রতিনিধির হাতে লাঞ্ছিত হয়ে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী মোঃ সিদ্দিকুর রহমান এর বিরুদ্ধে। বুধবার দুপুর ২টার দিকে শহরের টাউন কালিকাপুর এলাকার বালুর মাঠ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
তবে এসব ঘটনা অস্বীকার করে নির্বাহি প্রকৌশলী জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে কিছু বাজে শব্দ ব্যবহার হয়েছে।আর অভিযুক্ত জনপ্রতিনিধি পটুয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিদ্দিকুর রহমান জানান, চলাচলের রাস্তা কেটে কাজ শুরু করায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাকে ধাওয়া করছে। তখন আমার সাথে নির্বাহি প্রকৌশলীর কথা কাটাকাটি হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকে পৌরসভার রাস্তা কেটে শহররক্ষা বাধের কাজের অংশ বিশেষ শুরু করা হয়।
খবর পেয়ে দুপুর ২টার দিকে পৌর মেয়র ডাঃ শফিকুল ইসলাম, একই এলাকার কাউন্সিলর দেলোয়ার হোসেন, মেয়রের ঘনিষ্ট ওয়াজেদ গাজী ঘটনাস্থলে উপস্থিত হন। তারা তাৎক্ষনিকভাবে নির্বাহি প্রকৌশলীকে ঘটনাস্থলে উপস্থিত হতে বলে সংশ্লিষ্ট ঠিকাদারকে কাজ বন্ধের নির্দেশ দেন।কিছুক্ষন পরে নির্বাহি প্রকৌশলী ঘটনাস্থলে উপস্থিত হলে মেয়রের সাথে রাস্তা কাটার ঘটনা নিয়ে উচ্চবাচ্চ বিনিময় হয়। ‘পৌরসভার রাস্তা কার অনুমতি নিয়ে কাটছেন’ মেয়র কর্তৃক নির্বাহি প্রকৌশলীকে এমন প্রশ্নের জবাবে ‘অনুমতি আছে এবং অনুমতি লাগেনা’ নির্বাহি প্রকৌশলীর এমন জবাবের পরক্ষনেই কাউন্সিলর দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা নির্বাহি প্রকৌশলীকে মারধর শুরু করেন।
এ অবস্থা দেখে এলাকাবাসী নির্বাহি প্রকৌশলীকে ধরধর বলে ধাওয়া করে। পরে পুলিশ এসে তাকে তার অফিসে পৌছে দেয়-জানান একাধিক প্রত্যক্ষদর্শী।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, রাস্তা কাটার ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে যায় এবং যারা রাস্তা কেটেছে তাদেরকে সেখান থেকে নিয়ে আসে।তিনি জানান, পুলিশের উপস্থিতিতে কোন রকমের ঝামেলা হয়নি। হয়ে থাকলে তা আগে বা পরে হয়েছে।
|